ধানখেতে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষাণীর
গাজীপুরের কালীগঞ্জে ধানখেতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কল্পনা রাণী মন্ডল (৬০) নামের এক কৃষাণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নাগরী ইউনিয়নের বেলুন গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. আলম চাঁদ।
নিহত কল্পনা ওই ইউনিয়নের বেলুন গ্রামের প্রমেশ চন্দ্র মন্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ীর পার্শ্ববর্তী ধানখেত দেখতে যায় কল্পনা। এসময় আগের দিন রাতে ওই এলাকায় বয়ে যাওয়া ঝড়ে বিদ্যুতের একটি তার পড়েছিল। আর সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় কল্পনা। সহযোগিতায় আশপাশের লোকজন এগিয়ে আসলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সূত্র আরো জানায়, ওই গ্রামের বকুল মিয়ার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরত্বে একই গ্রামের বাসুদেব, প্রাণদেব, মহাদেব ও ছয়দেব বিদ্যুৎ সংযোগ নেয়। আর ঝড়ে বিদ্যুতের সেই তার পড়েই এই দুর্ঘটনা ঘটল।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হযরত আলী জানান, এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে কারো মিটার থেকে এত দূরত্বে সংযোগ নেয়া আইনত দণ্ডনীয়। এ ধরনের ঘটনা ঘটে থাকলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
আব্দুর রহমান আরমান/এফএ/পিআর