ছুটির দিনে খোলা থাকবে বেনাপোল কাস্টমস বন্দর


প্রকাশিত: ১০:৪১ এএম, ০৮ মে ২০১৫

আসন্ন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত কার্যক্রম এবং রাজস্ব আদায় ত্বরান্বিত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশে ৩০ জুনের আগের প্রতি শনিবার অন্যান্য কাস্টমস হাউজ ও বন্দরের ন্যায় বেনাপোল কাস্টমস হাউস ও বন্দর খোলা থাকবে। আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রমও স্বাভাবিক থাকবে। তবে দীর্ঘদিন ধরে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে শনিবার দু`দেশের মধ্যে আমদানি-রফতানি চালু রয়েছে।    

বেনাপোল কাস্টম হাউজের সহকারি কমিশনার রেজাউল করিম জাগো নিউজকে জানান, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-২) মো. শহীদ উল্লাহ স্বাক্ষরিত গত ৫ মে এক পত্রে জাতীয় রাজস্ব বোর্ড ও এর অধীনস্থ অফিসসমূহ খোলা থাকার কথা বলা হয়েছে। সেই আলোকে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জাগো নিউজকে জানান, কাস্টমস থেকে শনিবার খোলা থাকার চিঠি পেয়েছি। সবাই আন্তরিক হলে পণ্য খালাস করতে অসুবিধা নেই। তবে ইতোপূর্বে অনেকবার বন্দর ও ব্যাংকের অসহযোগিতার কারণে পণ্য খালাস নেয়া যায়নি।

এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন জাগো নিউজকে জানান, জাতীয় রাজস্ব বোর্ডের পত্রের আলোকে বন্দরের সকল কর্মকর্তা কর্মচারিদের অফিস ও শেড (স্টোর) খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। আমরা বন্দরের কার্যক্রম খোলা রাখবো। যে কেউ পণ্য ডেলিভারি নিতে চাইলে হলিডে চার্জ দিয়ে পণ্য নিতে পারবেন।

মো. জামাল হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।