গ্যাসের লাইন বিস্ফোরণে স্বামীর মৃত্যু, আহত স্ত্রী
নারায়ণগঞ্জ ফতুল্লায় গ্যাসের লাইন বিস্ফোরণে নিপুল সাহা (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী শিখা (৩৫)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে বার্ন ইউনিটিতে ভর্তি রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নিপুলের মৃত্যু ঘটে। এর আগে সকালে কাশিপুর খিলমার্কেট এলাকায় গ্যাস লাইনে বিস্ফোরণে স্বামী-স্ত্রী দু`জন অগ্নিদগ্ধ হন। তবে গ্যাস লাইনে ত্রুটি থাকার কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে পুলিশ ধারণা করছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এস আই) আল মামুন জাগো নিউজকে জানান, কাশীপুর খিল মার্কেট এলাকার দুলাল মিয়ার ভাড়াটিয়া বাসায় সকাল ৯টায় বিকট শব্দে গ্যাসের একটি লাইনের বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায়। তখন মারাত্মক দগ্ধ হন নিপুল ও তার স্ত্রী শিখা। তাদের দু`জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেলে নিপুলের মৃত্যু ঘটে। আর শিখার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত করা হচ্ছে।
মামুন আরো জানান, নিহত নিপুল একজন ইলেক্ট্রনিক মিস্ত্রি। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর। তারা সন্তানদের গ্রামের বাড়িতে রেখে বেশ কিছুদিন ধরে ফতুল্লার কাশিপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
মো.শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস