ঈদযাত্রা
পূর্বাঞ্চলের ট্রেনের ২৩ মে’র টিকিট মিলবে দুপুরে
ঈদুল আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার থেকে শুরু হওয়া এ কার্যক্রমে রেলওয়ের পূর্বাঞ্চলের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ট্রেনের অগ্রিম টিকিট প্রতিদিন দুপুর ২টা থেকে পাওয়া যাবে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঈদ ২৮ মে ধরে টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে’র টিকিট, ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে’র টিকিট বিক্রি হবে।
অন্যদিকে, ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। এসব টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে। ২১ মে বিক্রি হবে ৩১ মে’র টিকিট, ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। টিকিট কাটার সময় সহযাত্রীদের নামও যুক্ত করতে হবে। তবে ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট ফেরতযোগ্য হবে না।
এছাড়া বিরতিহীন ট্রেন ছাড়া অন্য ট্রেনের ক্ষেত্রে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারবেন। কর্তৃপক্ষ নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট না কেনার পরামর্শ দিয়েছে।
রেলওয়ে জানিয়েছে, নির্ধারিত মাধ্যমের বাইরে টিকিট কিনতে গেলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।
ঈদ উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’ ও ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ নামে এক জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।
চাঁদপুর ঈদ স্পেশাল-১ ট্রেন বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। আর চাঁদপুর ঈদ স্পেশাল-২ ট্রেন বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে রাত ৮টা ৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।
বিশেষ ট্রেন দুটি আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন, অর্থাৎ ১ জুন পর্যন্ত চলাচল করবে।
এমআরএএইচ/এমকেআর