ফতুল্লায় গ্যাসের লাইন বিস্ফোরণ : দগ্ধ শিখা রানীর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে গ্যাসের লাইন বিস্ফোরণে দ্বগ্ধ শিখা রানীর (৩৫) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টার দিকে তিনি মারা যান। এর আগে বিস্ফোরণে দ্বগ্ধ তার স্বামী নিপুল সাহা’র (৪০) মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জাগো নিউজকে জানান, শুক্রবার সকালে কাশিপুর খিলমার্কেট এলাকায় স্থানীয় যুবলীগের সভাপতি’র বড় ভাই দুলাল মিয়ার ভাড়াটিয়া বাসায় গ্যাস লাইনে বিস্ফোরণে স্বামী-স্ত্রী দু`জনই অগ্নিদগ্ধ হয়। সন্ধ্যায় দ্বগ্ধ স্বামী নিপুল সাহা আর রাতে স্ত্রী শিখা’র মৃত্যু হয়। নিহত স্বামী-স্ত্রী তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া দৌলতপুর নিয়ে দাফন করার কথা রয়েছে। তিনি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে আমরা বিষয়টি আমলে নিয়ে মামলা রুজু করবো।
উল্লেখ্য, ফতুল্লার কাশীপুর খিলমার্কেট এলাকার দুলাল মিয়ার ভাড়াটিয়া বাসায় শুত্রবার সকাল ৯টায় বিকট শব্দে গ্যাসের একটি লাইন বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায়। তখন মারাত্মক দগ্ধ হয় নিপুল ও তার স্ত্রী শিখা। তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে বিকেলে নিপুলের মৃত্যু ঘটে। আর শিখা মারা যায় রাত ১১টার দিকে।
মো.শাহাদাৎ হোসেন/এসএস/এমএস