খাগড়াছড়িতে বিশাল ব্যবধানে জয়ী আবদুল ওয়াদুদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা খাগড়াছড়ি আসনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার ২০৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূইয়া বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
তিনি মোট ১,৫১,০৪০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৮,৩১৫ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এয়াকুব আলী পেয়েছেন ৫৮,৫৪৫ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট হ্যাঁ ভোটের সংখ্যা ১,৪৩,৯৮৬টি, না ভোটের সংখ্যা ১,৫৫,৯৪২টি।
বিজয়ী আবদুল ওয়াদুদ ভূইয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এই বিজয় খাগড়াছড়ির আপামর জনগণের। আমি সব শ্রেণিপেশার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো। পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।’
প্রবীর সুমন/এসইউ