আখতারের আসনে ভোট পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর, কারচুপির অভিযোগ
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। তার দাবি, প্রশাসনের সহায়তায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর মাধ্যমে ১১-দলীয় জোট প্রার্থী আখতার হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন তিনি।
এমদাদুল হক ভরসা বলেন, এই নির্বাচনে আমি শতভাগ আশাবাদী ছিলাম যে, ইনশাল্লাহ জনগণের রায়ে আমি এমপি নির্বাচিত হবো। কিন্তু বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের প্রতিপক্ষ এনপিপির আক্তার হোসেন যেভাবে মব সৃষ্টি করেছে, প্রশাসনের সহায়তা নিয়ে যেভাবে আমার নির্বাচনের ফলাফলটাকে ইঞ্জিনিয়ারিং করেছে, এ ব্যাপারে আমি সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত ডিসির বাংলোতে এসে উপস্থিত থেকেও তার কোনো সাক্ষাৎ পাচ্ছি না, উনি আমাকে কোনো সাক্ষাৎ দিচ্ছেন না।
তিনি বলেন, আমার একটাই অভিযোগ, যে নির্বাচনটা হয়েছে, এর ফলাফলটা যেটা দিয়েছে, এটা আমরা পুনঃগণনা চাই। পুনঃগণনার মধ্যে আমার সঠিক রেজাল্ট বের হয়ে আসবে।
এমদাদুল হক ভরসা বলেন, এখানে ৮৫০০ ভোট বাতিল করা হয়েছে। এই ৮৫০০ ভোট কীভাবে বাতিল হলো? ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমার এই ফলাফলটাকে পরিবর্তন করা হয়েছে। আমরা সঠিক বিচার চাই। সঠিক বিচার না পেলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন এমদাদুল হক ভরসা।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আখতার হোসেন শাপলা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ৩৩ হাজার ৬৬৪ ভোট।
জিতু কবীর/কেএইচকে