রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
রাজশাহীর বাঘা-চারঘাট রুটে বিআরটিসি বাস চালুর সিদ্ধান্তের প্রতিবাদে জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধের ডাক দিয়েছে রাজশাহী জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার দুপুর ১টার দিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, শনিবার দুপুর ১টার দিকে পররাষ্ট্র মন্ত্রী শাহরিয়ার আলম বাঘা উপজেলা চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাঘা-চারঘাট রুটে বিআরটিসি বাস চালুর শুভ উদ্বোধন করেন। আর এ রুটে বিআরটিসি ডবল ডেকার বাস চালুর প্রতিবাদে বর্তমানে রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী বলেন, এই রুটে বিআরটিসি বাস চালু হলে সাধারণ গণপরিবহনের মালিক-শ্রমিকদের অর্ধাহারে অনাহারে মরতে হবে। কারণ এখন এমনিতেই পরিবহন ব্যবসা আগের মতো নেই। আর এ দুঃসময়ে এ রুটে বাস চালাচল শুরু হলে পরিবহন ব্যবসার সাথে সংশ্লিষ্টদের অবস্থা হবে আরো করুণ।
অবিলম্বে এ রুটে বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে শনিবার দুপুর ১টা থেকে অনিদিষ্টকালের জন্য রাজশাহী জেলা থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকবে। আর আজকের মধ্যে দাবি মেনে নেয়া না হলে রোববার থেকে সারা উত্তরাঞ্চলে বাস চলাচল বন্ধের ডাক দেয়া হবে। তবে আমাদের এ দাবি মেনে নিলে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা তাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিবেন বলে জানান তিনি।
তবে এ ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায় নি।
শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি