কাজ দেও, ভাতা দেও, নাইলি ভিক্ষে করতি দেও


প্রকাশিত: ১১:১১ এএম, ২৪ মে ২০১৭

‘কাজ দেও, ভাতা দেও, নাইলি ভিক্ষে করতি দেও’ দাবিতে এবার যশোর কালেক্টরেট চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোরের প্রায় অর্ধশত ভিক্ষুক। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিবন্ধী ভিক্ষুকরা দাবি করেন, তাদেরকে প্রতিমাসে অন্তত ১০ হাজার টাকা ভাতা দিতে হবে। তা না হলে তাদেরকে ভিক্ষে করার অনুমতি দিতে হবে।

কর্মসূচিতে অংশ নেয়া ভিক্ষুকরা জানান, প্রশাসন-সরকার যশোরে ভিক্ষুক মুক্ত করেছে। কিন্তু তারা কোনো ধরণের সাহায্য-সহযোগিতা পাননি। আবার প্রশাসন তাদের ভিক্ষেও করতে দিচ্ছে না। তাহলে তারা কি করবেন?

Jessore

মানববন্ধনে অংশ নেয়া আরবপুর এলাকার ভিক্ষুক শুকুর আলী জানান, তার এক পা নেই। অথচ তিনি প্রশাসনের কোনো ধরণের সাহায্য সহযোগিতা পাননি। এখন ঠিকমত ভিক্ষাও করতে পারছেন না। এভাবে চললে তাদের না খেয়ে মরতে হবে। তিনি প্রতিবন্ধীদের ১০ হাজার টাকা ভাতা দাবি করেন।

জন্ম থেকেই দুই পা হারানো প্রতিবন্ধী ভিক্ষুক শহিদুল ইসলাম জানান, ‘পাবলিক কচ্চে, সরকার তুমাগের সাহায্য দেচ্ছে, তাইলি আবার তুমরা ভিক্ষে করতিছো ক্যানো? আবার প্রশাসনও ভিক্ষে করতি বাধা দেচ্ছে। তাইলি আমরা খাবো কী?’

একই কথা জানিয়ে ভিক্ষুক আনোয়ার হোসেন, দীন মোহাম্মদ, আব্দুল ওহাব ও ফজলুল হক বলেন, যে কাজ আমরা করতে পারি, সেই কাজ দাও, নাইলে ভাতা দাও; তা না হলে আমাগের ভিক্ষে করার অনুমতি দাও। এই দাবিতে আমরা এই মানববন্ধন করছি।

মিলন রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।