নারায়ণগঞ্জে হেফাজতের মামলায় রফিউর রাব্বির জামিন


প্রকাশিত: ০৭:২৭ এএম, ২৫ মে ২০১৭

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে হেফাজত নেতার দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি। পূর্বনির্ধারিত আদালতের সমনের তারিখে আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত তাকে জামিন দেন।

বৃহস্পতিবার বেলা ১২টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। মামলার পরবর্তী শুনানির তারিখ ৪ জুন নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৫ মে রফিউর রাব্বিকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতিবেদনে রাব্বির বক্তব্যের সত্যতা পাওয়া গেছে মর্মে উল্লেখ করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, আদালত ২৫ মে শুনানির দিন ধার্য করে বিবাদী রফিউর রাব্বীকে আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন। রফিউর রাব্বি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে জামিন নিয়েছেন।

প্রসঙ্গত ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, শ্রুতি সাংস্কৃতিক একাডেমীর ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এক অনুষ্ঠানে রফিউর রাব্বি ইসলাম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য রেখেছেন।

তিনি বলেছিলেন, যদি বাংলার মানুষ জানত সংবিধান বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার দেশ তবে ৩০ লাখ শহীদের মুক্তিযুদ্ধে কেউ অংশগ্রহণ করত না।

মামলায় বাদী অভিযোগ তোলেন, রাব্বির সেই বক্তব্য বাদীসহ সারাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের উপর ধর্মীয় আঘাত হানার শামিল। তাছাড়া এটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির শামিল।

শাহাদাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।