হুমা বাহিনীর সদস্য সুজন অস্ত্রসহ গ্রেফতার
খুলনা মহানগরীর আড়ংঘাটার ‘চরমপন্থি’ হুমা বাহিনীর সদস্য মো. সুজন সরকারকে (২৮) অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়।
র্যাব-৬ জানায়, সুজন চরমপন্থি গ্রুপ হুমা বাহিনীর সক্রিয় সদস্য। অভিযান চালিয়ে সুজনের নির্মাণাধীন গোয়ালঘরের সামনে রাখা একটি ইজি বাইকের পুরাতন সিটের নিচে থাকা ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড শটগানের গুলি এবং দুই রাউন্ড ৭.৬২ মিলিমিটার গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

র্যাব আরও জানায়, সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র আইন ও চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কে রাখতেন সুজন সরকার।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, গ্রেফতার সুজন সরকারকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আড়ংঘাটা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আরিফুর রহমান/কেএইচকে/এএসএম