জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ৪ সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৫ মে ২০১৭

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও বেশকিছু জঙ্গিবাদী বই, লিফলেট ও নাশকতার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ।

গ্রেফতাররা হলেন বাগেরহাটের শায়খ আবু ইউশা মোহাম্মদ আবদুল্লাহ ওরফে ইমন, রাজশাহীর আনোয়ার হোসেন, বরগুনার নাজমুল এবং বরিশালের আবদুল আলীম ওরফে মাসুদ। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা বিচারাধীন। কেউ কেউ এর আগে কারাভোগও করেছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত র‌্যাব সদস্যরা এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর প্রধান কার‌্যালয়ে সংস্থার ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) মো. কামরুল হাসান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নব্য জেএমবির গ্রেফতার সদস্যরা নাশকতা করার প্রস্তুতি নিচ্ছিল। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়।

হোসেন চিশতী সিপলু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।