মসজিদের ভেতর ইমামকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৪:০৬ এএম, ২৭ মে ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল মজিদ মুন্সী (৭২) নামে এক মসজিদের ইমামকে মসজিদের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় হাবিবুর মিয়া নামে আরো এক মুসল্লিকে কুপিয়ে জখম করা হয়।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজের সময় উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়া এলাকার মাটি মসজিদের ভেতরে ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা।

নিহত আব্দুল মজিদ মুন্সীর বাড়ি টাঙ্গাইল জেলার মাগুরপুর উপজেলার সদর এলাকায়। তার বাবার নাম মৃত মোসলেম বেপারী। ২০ থেকে ২৫ বছর পূর্বে গোবিন্দপুর মাঝিপাড়া এলাকায় এসে বসবাস করে মাটি মসজিদের ইমাম হিসেবে চাকরি করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এশার নামাজ পড়ছিলেন ইমাম আব্দুল মজিদ মুন্সী ও হাবিবুর মিয়া নামে এক মুসল্লি। নামাজ পড়া অবস্থায় একই এলাকার মৃত সাফর উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম কোনো কিছু বোঝার আগেই হাতে থাকা ধারালো দা দিয়ে আব্দুল মজিদ মুন্সীকে কুপিয়ে হত্যা করে। প্রতিবাদ করায় হাবিবুর মিয়া নামে মুসল্লিকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সজিব জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আব্দুল মজিদ মুন্সী মারা যান। তার গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এলাকাবাসী জানায় গত ১০ বছর আগে জহিরুল ইসলাম তার স্ত্রীকেও হত্যা করেছিল।

মীর আব্দুল আলীম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।