ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭০ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। রোববার ভোর রাতে বিজয়নগর উপজেলার সাতবর্গ বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মো. কালু মিয়া (৪৫), মো. রিপন (২৭), মো. তোফয়েল আহম্মেদ (২৮), মো. জালাল (৩৮) ও মো. নজরুল ইসলাম (২৮)।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে র্যাব-১৪ এর বিশেষ দল বিজয়নগর উপজেলার সাতবর্গ বাজার এলাকায় অভিযান চালায়। র্যা ব সদস্যরা সাতবর্গ বাজারস্থ শাহ্জালাল মসজিদের সামনে একটি মাইক্রোবাস থেকে অন্য একটি প্রাইভেটকারে মাদক লোড-আনলোড করতে দেখতে পায়। এ সময় প্রাইভেটকার ও মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় প্রাইভেটকার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি