বেনাপোল সীমান্তে আরও ১০ স্বর্ণের বার উদ্ধার


প্রকাশিত: ০২:০৯ পিএম, ৩০ মে ২০১৭

তিনদিনের ব্যবধানে বেনাপোল সীমান্ত দিয়ে পাচারকালে আবারও ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় এক পাচারকারীকে আটক করা হয়।

আটক পাচারকারী মনির বেনাপোল পুটখালি গ্রামের সোবহান আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে বেনাপোল সীমান্ত এলাকার রেলস্টেশন সড়ক থেকে মনিরকে আটক করা হয়।

৪৯-বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক ও বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব জানান, গোপন মাধ্যমে তারা সংবাদ পান বেনাপোল সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান পাচারের চেষ্টা চলছে।

এর ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বেনাপোল সীমান্ত এলাকার রেলস্টেশন সড়কে তারা অবস্থান নেন। ওই সড়ক থেকে মনিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন ১ কেজি ২৭৬ গ্রাম। পরে পাচারকারী মনিরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ ও সোনার বার বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে।

এর আগে গত ২৭ মে শনিবার বেনাপোল গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ৯৬ লাখ টাকা মূল্যের ৬টি সোনার বারসহ মনিরুজামান নামে এক পাচারকারীকে আটক করেছিল বিজিবি-২১ ব্যাটালিয়নের সদস্যরা।

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।