নারায়ণগঞ্জে মানবপাচারকারী দলের দুই সদস্য আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় মানব পাচারের অভিযোগে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পাচারকারী দলের সদস্য ইব্রাহিমকে আটকের পর তার দেওয়া তথ্যমতে অপর পাচারকারী জহির আহাম্মেদকে আটক করা হয়। তাদের দুইজনকে চাঁদপুর দক্ষিণ মতলব লক্ষ্মীপুর এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত ইব্রাহিম চাঁদপুর দক্ষিণ মতলব থানার লক্ষ্মীপুরের রুস্তম আলীর ছেলে এবং জহির আহাম্মেদ কক্সবাজার হালিশশহর লেতিপাড়া এলাকার আজহার মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা-২ জানান, ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার কাঠ মিস্ত্রি কাজল ইসলাম কাজীর সাথে মানবপাচারকারী ইব্রাহিমের পরিচয় ঘটে। এক পর্যায়ে মানব পাচারকারী ইব্রাহিমসহ তার সহযোগীরা কাজলকে সিঙ্গাপুর পাঠানোর কথা বলে আড়াই লাখ টাকা নেয়। এদিকে ৮ মার্চ কাজলকে সিঙ্গাপুর পাঠানোর কথা বলে বাসা থেকে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে নিয়ে যায় তারা। পরে তাকে বিমানে না উঠিয়ে কৌশলে অন্যত্র নিয়ে অবৈধভাবে বিদেশ পাচার করে দেয়। কাজলের সাথে যোগাযোগ না থাকায় কাজলের ভাই আরিফুর রহমান বাদী হয়ে সোমবার রাতে মানবপাচারকারীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে মানবপাচারকারী ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। আর তার দেয়া তথ্যমতে জহিরকে গ্রেফতার করা হয়। বাকীদের গ্রেফতারসহ কাজলকে উদ্ধারের চেষ্টা চলছে।
এসএস/আরআইপি