ফতুল্লায় ছিনতাই এর ঘটনায় আটক ২
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুলি করে সাড়ে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়। সোমবার গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আলী হোসেন ফতুল্লার ভুইঘর এলাকার হাফিজ আহাম্মেদের ছেলে এবং হাবিবুর রহমান একই এলাকার বাদশা মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে আটকদের ১০দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামের আরেক জনকে আটক করা হয়। তাকে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহাম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। আর ছিনতাই হওয়া আংশিক (পাঁচলাখ) টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ফতুল্লার তুষারধারা এলাকা থেকে ব্যবসায়ী হেলাল উদ্দিনকে গুলি করে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা সাড়ে ২৪ লাখ টাকা ছিনতাই করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় তার বড় ভাইয়ের স্ত্রী নার্গিস আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করে।
মো.শাহাদাৎ হোসেন/এসএস/আরআইপি