ভারী বর্ষণে দুর্ভোগে যশোরবাসী


প্রকাশিত: ০৩:৩২ এএম, ০২ জুন ২০১৭

ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। আর পানিবন্দি হয়ে পড়েছে গোটা জেলার নিম্নাঞ্চলের মানুষ। বৃহস্পতিবার বিকেল থেকে রাত অবধি ভারী বর্ষণে শহরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত না হওয়ায় তলিয়ে গেছে রাস্তাঘাটও। ফলে দুর্ভোগ বেড়েছে মানুষের।

যশোরস্থ বিমান বাহিনীর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এদিন যশোরে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায়ও টানা এক ঘণ্টা বৃষ্টি হয়।

যশোর শহর ঘুরে দেখা গেছে, ভারী বর্ষণে শহরের বেজপাড়া, বারান্দিপাড়া, বকচর, শংকরপুর, মিশনপাড়া, উপশহর, চাঁচড়া, কারবালা, এমএম কলেজ এলাকা, টিবি ক্লিনিকপাড়া, নাজিরশংকরপুর, বকচর, আবরপুরসহ শহরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার ড্রেন ছাপিয়ে উপচে পড়া পানি সড়ক পার হয়ে ঘরের মধ্যেও ঢুকে পড়েছে।

শহরের বেজপাড়া এলাকার হারুন-অর-রশিদ জানান, বৃষ্টিপাতে তার ঘরের মধ্যে পানি ঢুকে পড়েছে। তিনি অভিযোগ করেন ড্রেন পরিষ্কার না করায় পানি নামতে পারেনি। ফলে গোটা বেজপাড়া এলাকায় পানি জমে গেছে।

যশোর এমএম কলেজের শিক্ষার্থী জহির উদ্দিন নান্নু জানান, এমএম কলেজের দু’পাশের গেটেই হাঁটু পানি জমে যায়।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।