নারায়ণগঞ্জে ১২ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ


প্রকাশিত: ১০:২৪ এএম, ০২ জুন ২০১৭

নারায়ণগঞ্জের কাঁচপুরে পাগলা কোস্টগার্ড স্টেশন বিশেষ অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ১২ লাখ টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু জব্দ করেছে। এ সময় একটি ট্রাকসহ ছয়জনকে আটক করা হয়েছে। পরে জব্দকৃত চিংড়ির রেণুগুলো বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকা থেকে রেণু পোনা উদ্ধার করা হলেও শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে কোস্টগার্ড তা নিশ্চিত করে।

আটকরা হলেন- শাহেদ (২১), আবু তাহের (২৮), ইউনুছ (৪৫), জাহাঙ্গীর আলম (২৬), নুরুল আলম (২৫) ও ইলিয়াছ (৪০)। তারা সবাই কক্সবাজারের বাসিন্দা।

পাগলা কোস্টগার্ড স্টেশনের পেটি অফিসার (জিআই) এম রফিক উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে পাগলা কোস্টগার্ড নদীতে ডিউটি করার সময় গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারে- কক্সবাজার থেকে ট্রাকে করে গলদা চিংড়ির রেণু নিয়ে আসা হচ্ছে। পরে কোস্টগার্ডের টিম নিয়ে কাঁচপুরে অভিযান চালিয়ে একটি ট্রাক (চট্র মেট্রো-ড-১১-২৬৮২) সিগন্যাল দিয়ে আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি করে ৫৮টি ড্রাম ভর্তি ১২ লাখ টাকার মূল্যের গলদা চিংড়ির রেণু উদ্ধার করা হয়। এ সময় ট্রাকে থাকা ছয়জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে চিংড়ির রেণু নদীতে অবমুক্ত করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।