নারায়ণগঞ্জে অপহৃত স্কুলছাত্রের লাশ উদ্ধার


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১২ মে ২০১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপহরণের চারদিন পর স্কুলছাত্র মাসকুসুল ইসলাম তুহিনের (৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবকে আটক করা হয়। মঙ্গলবার রাতে উপজেলার বগাদি গ্রামের কান্দাপায় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তুহিন উপজেলার বগাদি কান্দাপাড়া গ্রামের দন্ত চিকিৎসক নাছিরউদ্দীনের ছেলে। সে খড়িয়া ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
পরিবারের অভিযোগ, গত ৮ মে তুহিন অপহরণ হলে চারদিন ধরে পুলিশ রহস্যজনক কারণে মামলা রেকর্ড না করে অবহেলা করেছে। এ ঘটনায় পুলিশ নিস্ক্রিয় ছিলো বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

পুলিশ জানায়, নিজের পিতাকে মারধরের প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে শিশুর চাচাতো ভাই মাহফুজুল ইসলাম (১৭) এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ আরো জানায়, তুহিনের লাশ উদ্ধারের আগে মাহফুজুল ইসলামকে নরসিংদী থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে উপজেলার বগাদি গ্রামের কান্দাপায় তুহিনের লাশ উদ্ধার করা হয়। আর তুহিনকে হত্যার কথা শিকার করেছে মাহফুজুল ইসলাম।

আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তানভীর হোসেন জানান, গত ৮ মে বিকেলে মাঠে খেলতে গিলে দুর্বত্তরা তুহিনকে অপহরণ করে। আর এ ব্যাপারে নাছিরউদ্দীন ৯ মে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেটা তদন্ত চলছিল। এরই মধ্যে নাছিরউদ্দিনের ভাই বিল্লাল হোসেনের ছেলে মাহফুজুল ইসলাম অপহরণ হয়েছে এমন অভিযোগও করা হয়। আর এরই সূত্র ধরে মাহফুজুল ইসলামকে নরসিংদী থেকে আটক করা হয়।

শাহাদাৎ হোসেন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।