রূপগঞ্জে উদ্ধার হওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করা হচ্ছে


প্রকাশিত: ০৮:১১ এএম, ০৩ জুন ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্ধার হওয়া গ্রেনেড (বোমা) নিষ্ক্রিয়করণের কাজ চলছে। শনিবার সকাল থেকেই উপজেলার পূর্বাচল উপশহরের ৫নং সেক্টরের ভুইয়া বাড়ি ব্রিজ সংলগ্ন গুতিয়াবো এলাকার ক্যানেলে (লেকে) উদ্ধার হওয়া গ্রেনেড নিষ্ক্রিয়করণ কাজ চালাচ্ছেন বোমা নিষ্ক্রিয়কারী দল।

দুপুরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুপুর পর্যন্ত প্রায় ১৫ থেকে ২০টি গ্রেনেড (বোমা) নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধার হওয়া বাকি বোমাগুলো নিষ্ক্রিয়করণের কাজ চলছে।

এদিকে ওই পুরো এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিপুল পরিমাণ পুলিশ সদস্য ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। তবে উর্ধ্বতন কর্মকর্তারা বেলা ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে তথ্য জানাবেন বলেও জানান ওসি।

বোমা নিষ্ক্রিয়করণ কাজে উপস্থিত ছিলেন, বোমা নিষ্ক্রিয়কারী দলের এডিসি জাহাঙ্গীর আলম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আব্দুল্লা আল মাসুদ, ইনস্পেক্টর শহিদুল আলমসহ আরো অনেকে।

এরআগে শুক্রবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৬২টি চায়না এসএমজি, ৫টি ৭.৬২ পিস্তল, ২টি রকেট লাঞ্চার, ৪৯টি মটারসেল, ২টি ওয়ারলেসসহ বিপুল পরিমাণ গোলা-বারুদ উদ্ধার করা হয়। শরীফ মিয়া নামে এক যুবকের তথ্যমতে এসব অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়।

মীর আব্দুল আলীম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।