থাই গ্লাসের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৩ জুন ২০১৭

সিদ্ধিরগঞ্জে থাই গ্লাসের নিচে চাপা পড়ে সালাউদ্দিন (২১) ও মো. সুমন (২৪) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন রবিন (১৯) নামে আরও এক শ্রমিক।

তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) আবদুস সাত্তার জানান, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় সানি থাই অ্যালুমিনিয়ামের দোকানে ঢাকা থেকে পিকআপযোগে আসা গ্লাস আনলোডের কাজ করছিলেন শ্রমিক রবিন, সালাউদ্দিন ও সুমন।

এ সময় পিকআপভ্যান থেকে থাই গ্লাস নামানোর সময় হঠাৎ করে বেশ কিছু গ্লাস পিকআপ থেকে তাদের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সালাউদ্দিন ও সুমন নামের দুইজনের মৃত্যু ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানায় পুলিশ।

হোসেন চিশতী সিপলু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।