কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ১


প্রকাশিত: ১১:১৫ এএম, ০৬ জুন ২০১৭

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (দারগারচালা) এলাকার এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক ধর্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে আটক করা হয়। আটক আবুল কাশেম (৩০) ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের সুরুজ মিয়া ছেলে।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান নির্যাতিতার বরাত দিয়ে বলেন, আবুল কাশেম স্থানীয় কামাল উদ্দিন মাদারীর বাড়িতে ভাড়া থেকে পৌরসভার দারগারচালা মোড় এলাকায় খাবার হোটেল ব্যবসা করেন। ধর্ষণের শিকার কিশোরী ওই হোটেলের কাজ করতো।

মঙ্গলবার সকাল ১০টার দিকে আবুল কাশেম তার ভাড়া বাড়িতে কৌশলে ওই কিশোরীকে ডেকে নিয়ে যায় এবং একপর্যায়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ধর্ষককে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ধর্ষককে আটক করে কিশোরীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইভা আক্তার বলেন, কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।