সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ০২ এপ্রিল ২০২৬

যশোরে ছয় কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে। বিকেলে যশোরের ঝুমঝুমপুরস্থ বিজিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজারে অভিযান চালায়। এ সময় মহাসড়কে সন্দেহজনকভাবে অবস্থানকালে সুজাউদ্দিনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ১৫৫.৬৭ গ্রাম ওজনের বেশ কিছু ডায়মন্ড, বাংলাদেশি পাঁচ হাজার ৫৩০ টাকা, পাঁচ হাজার ৮৮০ ভারতীয় রুপি, পাঁচশ ৫০ ইউএস ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ঘড়ি জব্দ করা হয়। যার মোট বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

জানা যায়, সুজাউদ্দিন ডায়মন্ডগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে যশোর হয়ে যাচ্ছিল। তিনি এর আগে একাধিকবার বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়া সফর করেছেন।

আটক সুজাউদ্দিনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা করে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ডায়মন্ড ও বিদেশি মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

মিলন রহমান/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।