আম পাড়তে গিয়ে পানিতে পড়ে গৃহবধূর মৃত্যু
গাজীপুর জেলার শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর ইউনিয়নের ধনুয়া বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ কল্পনা আক্তার (২৪) বড়চালা গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে ফাহাদ হোসেনের স্ত্রী। নিহত কল্পনা আক্তারের সাত ও চার বছরের দুটি সন্তান রয়েছে।
গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ বলেন, মঙ্গলবার সকালে পুকুর পাড়ের গাছ থেকে আম পাড়ার সময় অসাবধানতা বশত কল্পনা পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা দুই সন্তান কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন এসে তাকে পুকুরের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসলে গৃহবধূর স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম