১৭ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার
গাজীপুরে হত্যাসহ ১৭ মামলার এক আসামিকে বিদেশি অস্ত্র, গুলিসহ গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা। মঙ্গলবার রাতে তাকে গাজীপুরের পিকনিক স্পট স্প্রিং ভ্যালি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ জানায়, গাজীপুরের পিকনিক স্পট স্প্রিং ভ্যালি এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা কাথোরা এলাকার সিরাজ খাঁনের ছেলে আইয়ুব আলী খাঁনকে (৩০) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ২ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার আইয়ুব আলী খান একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে ও তার সহযোগীরা জয়দেবপুর এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি, চুরি, ছিনতাই, সরকারি কাজে বাধাদানসহ মোট ১৭ টি মামলা রয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি