কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৪ মে ২০১৫

গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর এক কয়েদি মারা গেছেন। তার নাম সোহেল (৩২)। তিনি ঢাকার নবাবগঞ্জ থানার এক মাদক মামলার ছয় মাসের বিনাশ্রম দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

কারাগারের ডেপুটি জেলার মো. আবুল হোসেন জানান, সোহেল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে দুপুর আড়াইটার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই কারা কর্মকর্তা আরো জানান, নবাবগঞ্জ থানার আগলা খাঁর হাট এলাকার মুনসুর আলীর ছেলে সোহেলকে মাদকসহ আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে এ বছরের ১৬ ফেব্রুয়ারি তাকে কাশিমপুরের এ কারাগারে স্থানান্তর করা হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

আমিনুল ইসলাম/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।