কক্সবাজারে ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষক খুন
কক্সবাজার সদরের ঈদগায়ের চৌফলদন্ডি ইউনিয়নের নতুনমহাল এলাকায় ছুরিকাঘাতে এক মাদরাসা শিক্ষক খুন হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বাড়ির সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে শনিবার রাত ৩টার দিকে হাসপাতালে মারা যান তিনি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত শিক্ষকের নাম সাইফুল ইসলাম (২৬)। তিনি নতুনমহাল এলাকার বদিউর রহমানের ছেলে এবং স্থানীয় রহমানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক।
মরদেহ উদ্ধারকারী কক্সবাজার মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুর রহিম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সৎভাই ছুরত আলম, শামসুল আলম, রশিদ আহমদের সঙ্গে সাইফুলের পারিবারিক জমি নিয়ে বিরোধ ছিল। তাদের ইন্ধনে স্থানীয় মুরতাজা হোসেনের ছেলে শাহাব উদ্দিনের নেতৃত্বে তাকে বাড়ির পাশে সড়কে ছুরিকাঘাত করা হয়।
এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ছুরিকাহত সাইফুলকে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ভোর সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঈদগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. খাইরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চৌফলদন্ডী হয়ে কক্সবাজার কাছে। তাই ছুরিকাহত সাইফুলকে কক্সবাজার নিয়ে যাওয়ায় ঈদগার দিকে খবরটা একটু পরে আসে। জানার পর পরই পুলিশ নতুনমহাল এলাকায় অভিযানে যায়। ঘটনার পর হত্যাকারীরা পালিয়ে যাওয়ায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে মামলা হলে পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রাখবে।
সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি