রাজবাড়ীতে জ্বালানি তেলের জন্য রাতেও লম্বা লাইন
রাজবাড়ীতে পূর্বের চাহিদা অনুযায়ী পেট্রোল পাম্পগুলো জ্বালানি তেল পেলেও মোটরসাইকেল চালকদের চাহিদা মেটাতে পারছেন না। ডিপো থেকে তেল আসার পর পাম্পে সংরক্ষণের কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৭টার দিকে রাজবাড়ীর পলাশ ফিলিং স্টেশনে গিয়ে জানা যায় এ তথ্য।
এদিকে তেলের জন্য সড়কে ঘণ্টার পর ঘণ্টা বাইক চালকরা অপেক্ষা করলেও বোতলে তেল দেওয়ায় তৈরি হচ্ছে ক্ষোভ। তারপরও তাদের চাহিদা অনুযায়ী তেল মিলছে না।

বাইক চালকরা বলেন, ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে থেকে তেল নিতে হচ্ছে। তারপরও চাহিদা অনুযায়ী পাচ্ছেন না। প্রশাসনের পক্ষ থেকে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন চেক করে তেল দিলে এ ধরনের সিরিয়াল হতো না। অনেকে একাধিকবার তেল নিচ্ছেন। সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিতে গিয়ে বেশি দুর্ভোগে পড়ছেন কর্মজীবীরা। প্রশাসনের বিষয়টি দেখা উচিত।
রাজবাড়ীর পলাশ ফিলিং স্টেশনের ম্যানেজার বিপুল রুদ্র বলেন, আগে পেট্রোল ও অকটেন মিলে ৩ হাজার লিটার তেল ২৪ ঘণ্টায় ভালোভাবে সরবরাহ করা যেত। কিন্তু এখন সেই ৩ হাজার লিটার তেল পেলেও কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। গাড়ির রেজিস্ট্রেশন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করে তেল দেওয়া হলে বাইকারদের এমন সিরিয়াল থাকত না।
রাজবাড়ী শহরে তিনটিসহ পাঁচ উপজেলায় ১০টি পেট্রোল পাম্প রয়েছে। একই সময়ে পাম্পগুলোতে তেল সরবরাহ না থাকায় তৈরি হচ্ছে দীর্ঘ লাইন।
রুবেলুর রহমান/আরএইচ/এএসএম