রূপগঞ্জে অস্ত্র উদ্ধারের ঘটনায় শরীফের জবানবন্দি


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১১ জুন ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরের ৫নং সেক্টরে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৫ জনের মধ্যে শরীফ নামে একজন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

তিনি আদালতকে বলেছেন, তিনি মূলত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। ২০০ পিস ইয়াবার বিনিময়ে অপর এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে বন্দুকটি কিনে রাখে। রকেট লাঞ্চারসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়ে তেমন কোনো তথ্য দেয়নি বলে পুলিশ তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।

রোববার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন রূপগঞ্জ থানার একটি অস্ত্র আইনের মামলায় ১৬৪ ধারায় শরীফের দেয়া জবানবন্দি রেকর্ড করেছেন। শরীফ রূপগঞ্জের বাগলা গ্রামের মৃত. মোসলেহ উদ্দিনের ছেলে।

একইদিনে রূপগঞ্জ থানার অপর একটি অস্ত্র মামলায় ডিবি পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবতাবুজ্জামানের আদালতে শরীফকে হাজির করেন। সেখানে শুনানি শেষে আদালত শরীফের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধারে গিয়ে পুলিশ মাদক ব্যবসায়ী শরীফের বাড়ি থেকে একটি বন্দুক উদ্ধার করে। সেই বন্দুকের সূত্র ধরেই পুলিশ পূর্বাচল উপ শহরের ৫নং সেক্টরের একটি খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপি এহসান উদ্দিন চৌধুরী জানান, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে শরীফ। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো ইয়াবার (মাদক) বিনিময়ে শরীফ বন্দুকটি কিনে রাখে। এ বিষয়ে সে আদালতে জবানবন্দি দিয়েছে। অপর আসামিদের যথা সময়ে আদালতে হাজির করা হবে।

এহসান উদ্দিন চৌধুরী আরও বলেন, আলোচিত রূপগঞ্জের অস্ত্র উদ্ধারের মামলাটির তদারকি করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ।

প্রসঙ্গত, ১ জুন গভীর রাত থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ৫নং সেক্টর ও পূর্বাচলের সিটি হাউজিং এলাকাতে অভিযান শুরু হয়। পরের দিন দুপুর পর্যন্ত অভিযানে ৬২টি সাবমেশিন গান, দূরবীণ যুক্ত দুটি রকেট লাঞ্চার, ৪৪টি ম্যাগাজিন,৭ পয়েন্ট ৬২ বোর ও নাইন এমএম ৫টি পিস্তল, দুটি ওয়াকিটকি, ৪২ হ্যান্ড গ্রেনেড ও ৫ বস্তা গুলি, ডেটোনেটর, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর আগে ২৯ মে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বগলা গ্রাম থেকে শরীফের বাড়ি থেকে একটি সাবমেশিন গান উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা করেন।

মো: শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।