না.গঞ্জ থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি


প্রকাশিত: ০১:৪২ পিএম, ১২ জুন ২০১৭

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রচণ্ড বৃষ্টির কারণে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে চলাচলকারী সাতটি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ছিল।

লঞ্চ চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে লঞ্চঘাটে এসে ফেরত যেতে দেখা গেছে। আবার অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে ফেরত গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ৭টি রুটে ৭০টির ন্যায় লঞ্চ চলাচল করে থাকে। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ রুটে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৬-৭টা পর্যন্ত ২০ মিনিট পর পর লঞ্চ ছেড়ে যায়।

এই রুটে ২৫টি লঞ্চ চলাচল করে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর রুটে ১৫টি, মতলব-মাছুয়াখালী রুটে ১৯টি, হোমনা-রামচন্দ্রপুর ১টি, ওয়াবদা, সুরেশ্বর-নরিয়া (শরীয়তপুর) কয়েকটি লঞ্চ চলাচল করে।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।

মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।