কুমিল্লায় ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫২ এএম, ১৬ মে ২০১৫

কুমিল্লার তিতাসে আওয়ামী লীগের দুই গ্রুপে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মাসুম মিয়া (২৬) নিহতের প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে তার সমর্থকরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।  শনিবার দুপুর সোয়া ১টা থেকে হোমনা-দাউদকান্দি সড়ককের তিতাসের গাজীপুর এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়।

বিক্ষোভ সমাবেশে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকিরসহ দলীয় নেতাকর্মীরা অবিলম্বে মাসুম হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও থানায় মামলা রেকর্ডের জন্য পুলিশের প্রতি দাবি জানান। দুপুর পৌনে ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল।

এর আগে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান মাসুম। পরে ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়। তিতাস উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার গ্রুপের সঙ্গে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাবু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গত বৃহস্পতিবার রাতে গুলিবিব্ধ হয়ে বাবু গ্রুপের নেতা এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মাসুম মিয়া (২৬) গুলিবিদ্ধ হওয়ার পর শুক্রবার ভোরে ঢামেক হাসপাতালে মারা যান।

নিহত মাসুম উপজেলার জগতপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে। এদিকে শনিবার দুপুরে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান জানান, এখনো মাসুম হত্যার বিষয়ে থানায় কেউ অভিযোগ দেননি, তাই মামলা রেকর্ড সম্ভব হচ্ছে না।

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।