প্রতারণার মাধ্যমে আত্মসাত করা অর্থ ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ৩০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে প্রতারণার মাধ্যমে আত্মসাত করা অর্থ ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন রাহাবার এগ্রোর স্বত্বাধিকারী ইসমাইল হোসেন রতন।

তিনি জানান, ব্যবসায়িক লেনদেনের এক পর্যায়ে পাওনা টাকা দিতে টালবাহানা শুরু করেন অভিযুক্ত মহাদেব চন্দ্র সাধু। প্রায় ১৫ কোটি টাকা ফেরত না দেওয়ায় ২০২৫ সালের ২১ আগস্ট ফতুল্লা থানায় মামলা করা হয়। পরে মহাদেব চন্দ্র সাধু ও অন্যান্য আসামিরা তাদের অপরাধ স্বীকার করে আদালত থেকে জামিন নেন। এসময় তারা প্রতিশ্রুতি দেন যে, তারা অবিলম্বে দুই কোটি ৩০ লাখ টাকা পরিশোধ করবেন। বাকি টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে বুঝিয়ে দেবেন। আদালতে প্রতিশ্রুত সেই টাকা এখনো ফেরত দেননি মহাদেব চন্দ্র ও সহযোগীরা। উল্টো মামলা ও হুমকি-ধমকি দিচ্ছেন।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত মহাদেব চন্দ্র সাধু দীর্ঘদিন ধরে রাহাবার এগ্রোসহ দেশের অসংখ্য ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করে আসছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় প্রায় ১১৬টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা, ধর্ষণ ও প্রতারণার মতো গুরুতর অপরাধের মামলা অন্তর্ভুক্ত। এরইমধ্যে ১২-১৩টি মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত মহাদেব চন্দ্র। এত বিপুল সংখ্যক মামলা এবং সাজা থাকা সত্ত্বেও তিনি রহস্যজনকভাবে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

সংবাদ সম্মেলনে ইসমাইল হোসেন রতন জানান, পাওনা টাকা না দিয়ে উল্টো মহাদেব চন্দ্র সাধু মিথ্যা মামলা দিয়ে হয়রানির কৌশল নিয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি মহাদেব সাধু তার ভাগ্নে শুভাশীষ এবং চক্রের অন্যান্যরা মিলে খুলনা থেকে একটি ‘সাজানো অপহরণ নাটক’ মঞ্চস্থ করেন। এ ঘটনায় তাকে আসামি করে মিথ্যা মামলা দেওয়া হয়। ওই মামলায় তাকে ঈদের আগে ১০ দিন জেল খাটতে হয়েছে। জেল থেকে বের হওয়ার মাত্র দুদিনের মাথায় ১৯ মার্চ সাতক্ষীরা সদর থানায় তার বিরুদ্ধে আবারও একটি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা করা হয়। এ অবস্থায় অবিলম্বে পাওনা টাকা ফেরত এবং প্রতারকের শাস্তি দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল হোসেন রতন।

এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।