ভাড়াটিয়ার ঘরে বাড়ি মালিকের মরদেহ
সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ভাড়াটিয়ার রুম থেকে বাড়ির মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় ভাড়াটিয়া বা কাউকে গ্রেফতার করা যায়নি।
বুধবার রাত ১১টায় সিদ্ধিরগঞ্জে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার সুমন প্রধানের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জাহানারা বেগম (৭০)। তিনি মৃত ফরহাদ আলীর স্ত্রী।
জাহানারা বেগমের ছেলে সুমন প্রধান জানান, দ্বিতীয় তলায় তার মা ও পরিবারের লোকজন নিয়ে বসবাস করেন। তিনদিন আগে নিচ তলায় জিসান নামের এক ব্যক্তি এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেয়। তখন তাদের কাছে জাতীয় পরিচয়পত্র চাইলে তারা জানান তাদের পরিচয়পত্র নেই। কিন্তু জন্ম নিবন্ধন ফর্ম আছে যা তারা দিতে পারবে। কিন্তু তারা সেটাও এ কয়েকদিনে দেয় নাই। এর মধ্যে সুমন প্রধানের মা জাহানার বেগমকে দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
সুমন জানান, সারাদিন খোঁজাখুঁজির পর রাতে তারা থানায় মৌখিক অভিযোগ দেই। পরে বাড়ি ফিরে নিচতলার ভাড়াটিয়ার রুমে তালা দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেই। তখন পুলিশ এসে ঘরের দরজার তালা ভেঙে মায়ের মরদেহ উদ্ধার করে। এসময় তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। তাছাড়া শরীরে থাকা স্বর্ণালংকারও লুটে নেয় ঘাতকরা।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক করণ বলা যাবে। তদন্ত চলছে। আসামিদের ধরতে চেষ্টা চলছে।
হোসেন চিশতী সিপলু/এফএ/পিআর