কুমিল্লায় ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় ৪০ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৬ মে ২০১৫

কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুম সরকার হত্যার ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেলসহ ৪০ জনের নামে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকালে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এদিকে, এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিন শনিবার দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর ও কড়িকান্দি বাস স্টেশনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে গত বৃহস্পতিবার রাতের সংঘর্ষ ও গুলির ঘটনায় কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারোওয়ার হোসেন বাবু বাদী হয়ে আট জনের বিরুদ্ধে একটি মামলা করে।

অপরদিকে, একই রাতে গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগ নেতা মাসুম নিহতের ঘটনায় কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির বাদী হয়ে ৪০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দুটি মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল শিকদারকে প্রধান আসামি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান জানান, মাসুম হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সহকারী পুলিশ সুপার ( এএসপি-মুরাদনগর সার্কেল) মো. ইকবাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।