একদল কিশোরের বুদ্ধিমত্তায় হাজার যাত্রীর প্রাণ রক্ষা


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৮ মে ২০১৫

লাল গেঞ্জি নিয়ে একদল কিশোর যখন ট্রেনটি থামানোর চেষ্টা করছিল রেলের চালক তখনই বুঝতে পেরেছিলেন হয়তো একটি দুর্ঘটনা তাদের জন্য অপেক্ষা করছে। তখনই ট্রেনের গতি কমিয়ে দেন চালক। আর এভাবেই কুমিল্লায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস নামের একটি ট্রেন।

রেল লাইনের একটি জয়েন্টে ফিসপ্লেট না থাকায় স্থানীয় কয়েকজন কিশোরের বুদ্ধিমত্তায় ট্রেনটি থামানোর কারণে দুর্ঘটনা থেকে তা রক্ষা পেয়েছে প্রায় হাজার যাত্রী।

সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাসুয়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় কুমিল্লা রেলওয়ে প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রেলের গতি বেশী থাকলে হয়তো দুর্ঘটনা ঘটতেও পারতো।

রেলওয়ে সূত্র এবং ট্রেনের যাত্রী স্থানীয় সাংবাদিক শরীফ প্রধান জানান, বিকেল ৪টা ২০ মিনিটে প্রায় এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আদর্শ সদর উপজেলার বানাসুয়ায় পৌঁছলে লাল গেঞ্জি নিয়ে স্থানীয় কয়েকজন কিশোর ট্রেনটি থামানোর জন্য সংকেত দেয়। এতে ট্রেনের চালক ওই স্থানে ট্রেনটি থামিয়ে দেন। পরে ট্রেনের নিরাপত্তা কর্মীসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন লাইনের একটি জয়েন্টে ফিসপ্লেট না থাকায় রেল লাইনটি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।


ওই এলাকার কিশোর আশিক, শাকিব, পোলক, সুমন, সোহেল , ফারুক, হাবিব ও জনি জানান, আমরা রাস্তার পাশে ক্রিকেট খেলার সময় লাইনে ফিসপ্লেট না থাকায় একটি জয়েন্টের অংশ ঝুঁকিপূর্ণ দেখে লাল গেঞ্জি নিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করি। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনটিকে রক্ষা করতে পেরে ওই কিশোররাও আনন্দিত।

তাৎক্ষণিকভাবে ট্রেনের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বিষয়টি রেলের কন্ট্রোলরুমকে অবহিত করেন। ইঞ্জিনিয়ার আবু তাহের ঝুঁকিপূর্ণ অংশটি পর্যবেক্ষণ করে প্রায় আধাঘণ্টা পর ট্রেনটির গতি কমিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ঘটনাস্থল ছেড়ে যায়।

রেলের একাধিক সূত্র জানায়, স্থানীয় একটি চক্র রেল লাইনের ফিসপ্লেট খুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে। তাই অনেক সময় রেল লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকে ট্রেন দুর্ঘটনায় পতিত হয়। তবে যারা রেললাইন নিয়মিত পর্যবেক্ষণ করার কথা, তারা যথাযথভাবে দায়িত্ব পালন না করার কারণে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা।

কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।