আগুনে পুড়ে মা-ছেলের রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ১২:৩১ পিএম, ২০ মে ২০১৫

কুমিল্লায় আগুনে পুড়ে মা ও ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানাগেছে। বুধবার বেলা পৌনে ১২ টার দিকে জেলার দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিটের সৃষ্ট আগুনে পুড়ে হাসিনা বেগম (৩০) ও তার ছেলে ইয়াছিনের (৮ মাস) মৃত্যু হয়েছে বলে হাসিনার প্রবাসী স্বামী শাহজাহান সিকদার দাবি করলেও নিহতের পরিবারের দাবি আগুনে পুড়িয়ে মা ও ছেলেকে হত্যা করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আনোয়ারুল হক ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে তারা মৃত্যুবরণ হয়েছে নাকি অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিদগ্ধ হয়ে পুড়ে যাওয়া লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের শাহজাহান সিকদারের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনে পুড়ে তার স্ত্রী হাসিনা বেগম  ও ছেলে ইয়াছিন  মারা যায়।

তবে নিহত হাসিনার বাবা শামসুদ্দিন আহম্মদ সাংবাদিকদের জানান, সৌদি প্রবাসী শাহজাহান মিয়া দুই বছর আগে তার মেয়েকে বিয়ে করেন। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই  শাহজাহান মিয়া প্রথম সংসারের স্ত্রী সালেহা ও ছেলেদের সাথে তার ঝগড়া হতো। তাই প্রবাসী শাহজাহান মিয়া বড় স্ত্রী সালেহাকে পুরাতন বাড়িতে রেখে দ্বিতীয় স্ত্রী হাসিনা আক্তারকে নতুন বাড়িতে রাখতেন। বুধবার হাসিনা আক্তার তার ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। বেলা পৌনে ১২টার দিকে পাশের ঘরের লোকজন হাসিনা আক্তারের কক্ষ থেকে ধোয়া বের হতে দেখে ঘরে প্রবেশ করেন। ততক্ষনে হাসিনা ও  শিশু ছেলে ইয়াছিন দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে।

নিহতের ভাই মামুন বলেন, আমার বোনের সাথে তার স্বামী ও প্রথম স্ত্রী প্রায়ই ঝগড়া করতো, মঙ্গলবার সালেহা বেগমের ছেলেরা বাড়িতে গাছ লাগানো নিয়ে ঝগড়া করে। আগের রাতে দুলাভাই আমাদেরকে মোবাইল ফোনে বলেছে বুধবার হাসিনা আপাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে। না হয় যে কোন ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

মো: কামাল উদ্দিন/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।