গাজীপুরে পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা


প্রকাশিত: ০৬:৩০ এএম, ০৪ জুলাই ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের তেলিপাড়া এলাকায় হাসানুর রহমান (৩০) নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ৬টার দিকে তেলিপাড়ার ট্রাকস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসানুর রহমান শেরপুরের শ্রীবরদী থানার আজিজুর রহমানের ছেলে। তিনি স্থানীয় ন্যাভেন্ডা পোশাক কারখানার কিউসি পদে চাকরি করতেন।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ. আমিনুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে তেলিপাড়ার ট্রাকস্ট্যান্ড এলাকায় কয়েকজন দুর্বৃত্ত হাসানুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে। নিহতের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।