গাজীপুরে হত্যা মামলায় দুই ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ড
গাজীপুরে এক অটোরিকশাচালক হত্যার দায়ে দুই ভাইসহ তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন। পাশাপাশি মামলার অপর একটি ধারায় (দস্যুতার) প্রতেককে ১০ বছর করে সশ্রম করাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জমিরানা অনাদায়ে আরও ৩ মাস করে সশ্রম করাদণ্ডাদেশ দেয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার আব্দুর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে বাবু, কালিয়াকৈরের জাথালিয়া এলাকার মৃত আমির হামজা ওরফে মো. ওমর আলীল ছেলে মো. আলমগীর হোসেন ও দেলোয়ার হোসেন।
রায় ঘোষণার সময় আলমগীর হোসেন ও মেহেদী হাসান ওরফে বাবু আদালতে উপস্থিত ছিলেন। দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, লালমনিরহাটের বাসিন্দা হায়দার আলী গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিকেলে অটোরিকশা চালতে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন নিহতের স্বজনরা জানতে পারেন কালিয়াকৈর রতনপুর এলাকায় একটি মরদেহ পড়ে আছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে এবং নিহতরে ভাই ও স্ত্রী মরদেহ শনাক্ত করেন। হায়দার আলীর শরীরের বহু আঘাতের চিহ্ন ছিল এবং কে বা কারা দস্যুতা করে নিহতের ব্যাটারিচালিত অটোরিকশা ও মোবাইল নিয়ে যায়।
পরে নিহতের বড়ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে এ ব্যাপারে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার সিআইডির পুলিশ পরিদর্শক নজমুল হক তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি মো. হারিজ উদ্দিদন আহমেদ এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. লাবিব উদ্দিন সিদ্দিক ও ওয়াহিদুজ্জামান আকন।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম