সারাদেশে যানবাহন চলাচল বন্ধের হুমকি


প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৩ মে ২০১৫

আটক চালক, হেলপার ও চেকারকে নিঃশর্ত মুক্তি না দিলে সারাদেশে পরিবহন ও বাস চলাচল বন্ধের হুমকি দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার দুপুরে যশোরে সংবাদ সম্মেলন করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এ হুঁশিয়ারি দেন।
এসময় নেতৃবৃন্দ ফরিদপুরের পুলিশ সুপার ও মধুখালী থানার ওসির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

সংগঠনের আহ্বায়ক আলী আকবর লিখিত বক্তব্যে বলেন, ১৮ মে রাতে ঢাকা থেকে সোহাগ পরিবহনের একটি বাস বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ফরিদপুরের মধুখালিতে ডাকাত দলের কবলে পড়ে। ডাকাতি করে ডাকাতরা নেমে যাওয়ার পর চালক আয়নাল হোসেন বাসটি নিয়ে থানায় হাজির হন। এসময় তিনি ডাকাতির বিষয়টি উল্লেখ করে মামলা নেয়ার অনুরোধ করেন। কিন্তু মুধখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদপুরের এসপির নির্দেশে চালককে ১৯ মে সকাল পর্যন্ত বসিয়ে রাখেন। এরপর চালক আয়নাল, হেলপার অপু ও চেকার রবিউলকে আসামি করে ডাকাতির মামলা করে তাকে আটক করা হয়। এ ঘটনার প্রতিবাদে খুলনা ও বরিশাল রুটে পরিবহনের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

কিন্তু তারপরও চালক, হেলপার ও চেকারকে মুক্তি না দেয়ায় ২২ মে থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮ রুটে ভাড়ায় চালিত সব ধরনের যানবাহন বন্ধ করে দেয়া হয়। কিন্তু ২৩ মে পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেয়ায় তারা ধর্মঘট অব্যাহত রাখেন। এ দাবি আদায় না হলে তারা মালিক শ্রমিক মিলে সারাদেশে পরিবহন ধর্মঘট ও বাস ধর্মঘট আহ্বান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু বলেন, এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে দিতে তারা ইতোমধ্যে রাজশাহী অঞ্চলের ও রাজবাড়ী জেলার নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। সেখানকার নেতারা আন্দোলনের ব্যাপারে সম্মত আছেন।

সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা সাদেক আহম্মদ বলেন, তার নেতৃবৃন্দ ফরিদপুর পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু এসপি তাদের সঙ্গে দুর্বব্যহার করেন। এজন্য এসপি ও ওসিকে প্রত্যাহার দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পরিবহন মালিক সমিতির নেতা পবিত্র কাপুড়িয়া, আবুল কাশেম, রমেন মণ্ডল, যশোর জেলা ট্যাঙ্কলরি অ্যাসোসিয়েশনের নেতা ইন্তাজ আলী, সীমান্ত বাস মালিক সমিতির সভাপতি জুল হোসেন প্রমুখ।

মিলন রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।