ঘরে ঢুকে দিনমজুরকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:৪৪ এএম, ২১ জুলাই ২০১৭

যশোরে নিজ ঘরে ঘুমন্ত এক দিনমজুরকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিনমজুর আব্দুস সাত্তার (৫৫) ওই গ্রামের সৈয়দ আলীর ছেলে। 

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে আব্দুস সাত্তার নিজ ঘরে ঘুমিয়েছিলেন। ওই ঘরের আরেকটি খাটে তার স্ত্রী রাবেয়া ও মেয়ে ঘুমিয়ে ছিল। রাতে ঘরের দরজা ও বাইরের গেট খোলা ছিল। ভোরে স্বামীর গোঙ্গানির শব্দে রাবেয়ার ঘুম ভেঙে যায়। 

তারা উঠে সাত্তারকে রক্তাক্ত অবস্থায় পেলেও ঘরে আর কাউকে দেখতে পাননি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমল হুদা জানান, আব্দুস সাত্তার ছয় মাস ইটভাটায় কাজ করতো বাকি ছয় মাস বাড়িতে থাকতো। তার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। তাই কারা এবং কেন তাকে খুন করলো পুলিশ তা খতিয়ে দেখছে। 

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।