টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ আটক ৪


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২৬ মে ২০১৫

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ট্রাস্ট নামীয় ট্যাক্সিক্যাবে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভাের ৫টার দিকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হচ্ছে।

পুলিশ সুত্র জানায়, মঙ্গলবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশের আইসি সরোজ রতন আচার্য্য ও টু-আইসি মোশতাক আহমদের নেতৃত্বে পুলিশ সদস্যরা কক্সবাজার-টেকনাফ সড়কে কক্সবাজার অভিমুখী (চট্টমেট্টো-প-১১-০২৫১) ট্রাস্ট নামের একটি ট্যাক্সিক্যাবে তল্লাশি চালায়। গাড়ি থেকে ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ইয়াবা জব্দের ঘটনায় গাড়িতে থাকা চকরিয়ার নুর উদ্দিনের ছেলে মনসুর আলম (৪৩), টেকনাফের কালা মিয়ার ছেলে হামিদ হোসেন (২৮), কুমিল্লার তফাজ্জল হোসেনের ছেলে শাহাজাহান  (৩০) ও চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে নাজমুল হোসাইন (২৯) নামের ৪ ব্যক্তিকে আটক করে পুলিশ।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে হাজির করা হবে। জব্দ করা ইয়াবার বাজার মূল্য প্রায় ৯৬ লাখ টাকা বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।