মাদক মুক্ত হতে এসে পুনর্বাসন কর্মীদের উপর হামলা


প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৬ মে ২০১৫

বরিশাল নগরীর সি অ্যান্ড বি রোডের হলি কেয়ার মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে হামলা চালিয়ে কর্মচারিদের আহত করে পালিয়েছেন চিকিৎসাধীনরা। এসময় কেন্দ্রের আসবাবপত্র ভাঙচুর করেন তারা। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এতে ওই পুনর্বাসন কেন্দ্রের ৪ কর্মকর্তা আহত হয়েছেন।

আহতরা হলেন, সবুজ ওঝা, মো. নূরুজ্জামান, ইমানুল হক ও রাশেদুজ্জামান। এদের মধ্যে সবুজ ওঝাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিরাময়ের নামে চিকিৎসাধীনদের প্রায় মারধর করতেন পুনর্বাসন কেন্দ্রের স্টাফরা। এছাড়া প্রতি বেলায় তাদের খাবার দেয়া হত না নিয়মিত। এসব অনিয়মের কারণে চিকিৎসাধীনরা বিক্ষুব্ধ হয়ে এ হামলা চালাতে পারে বলে তারা ধারণা করছেন।

মাদক পুনর্বাসন কেন্দ্রের ইনচার্জ মো. নূরুজ্জামান জাগো নিউজকে জানান, সকালে কিছু বুঝে ওঠার আগেই চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া ২০ মাদকাসক্তরা একযোগে  তাদের ওপর হামলা করে পালিয়ে যান।  হামলায় তিনিসহ ৪ স্টাফ আহত হন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

চিকিৎসা দেয়ার নামে রোগিদের মারধর করা হয় এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান কেন্দ্রের ইনচার্জ মো. নূরুজ্জামান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন জাগো নিউজকে জানান, মাদকাসক্ত বলে তাদের বিরুদ্ধে মামলা নেয়া হয়নি। জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইফ আমীন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।