সাবেক ছাত্রলীগ নেতাকে কোপালো ছাত্রলীগ


প্রকাশিত: ০২:০২ পিএম, ২৬ মে ২০১৫

সিলেট নগরের টিলাগড়ে জাহাঙ্গির গ্রুপের সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের ক্যাডাররা। আহত জাকারিয়া মাহমুদ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় টিলাগড় পয়েন্টস্থ আজমির হোটেলের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় জাকারিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ৩য় তলার ৯ নং ওয়ার্ডে জাকারিয়া চিকিৎসাধীন।

আহত ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ নগরের শাহজালাল উপশহর এলাকার ‘এ’ ব্লকের ৫নং রোডের ৪৪১নং বাসার হাবিবুর রহমানের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর গ্রুপের নেতা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাকারিয়া মাহমুদ তার কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে টিলাগড়ে হোটেল আজমিরে বসে চা পান করছিলেন। এসময় হিরণ মাহমুদ নিপু গ্রুপের ছাত্রলীগ ক্যাডার সালমান, রেদওয়ান ও ইন্দ্রসহ অন্তত ৮ জন জাকারিয়াকে ডেকে হোটেলের বাইরে নিয়ে আসে। এরপর তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

জাহাঙ্গীর গ্রুপের নেতা সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জানান, হামলার সময় হিরণ মাহমুদ নিপু নিজে নেতৃত্বে ছিলেন।

অভিযোগ অস্বীকার করে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু বলেন, টিলাগড়ে নিপু গ্রুপ নামে কিছু নেই। আছে টিলাগড় গ্রুপ। এই গ্রুপের নেতা হচ্ছেন আজাদ-রঞ্জিত।

তিনি নিজেকে ওই গ্রুপের একজন কর্মী দাবি করে বলেন, ঘটনাটি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা নিজেরাই সমাধান করে নেব।

ছামির মাহমুদ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।