খুলনায় বন্ধ হয়ে যাচ্ছে অতুল-মাহেন্দ্র


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৬ মে ২০১৫

খুলনায় অতিদ্রুত বন্ধ হয়ে যাচ্ছে যানবাহন অতুল-মাহেন্দ্র। মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন।

সভায় মুহাম্মদ মিজানুর রহমান এমপি, এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, শেখ মো. নূরুল হক এমপি, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস,এম অজিয়র রহমান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, র্যাব ও বিজিবি প্রতিনিধিসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ প্রশাসনের তৎপরতায় খুলনাতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। চরমপন্থী ও সন্ত্রাসীদের বিষয়ে যে কোনো পদক্ষেপ গ্রহণে প্রশাসন সতর্ক। মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্ট বিভাগের সচেতনতামূলক কর্মসূচি চলমান রয়েছে। এ জন্য নিয়মিত মোবাইল কোর্ট ও টাস্কফোর্স-এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডাকবাংলা থেকে পিকচার প্যালেস মোড়সহ নগরীর বিভিন্ন স্থানে অবৈধ হকার উচ্ছেদে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়। তাছাড়া জনগণের চলাচল নিরাপদ রাখতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং দ্রুতগতিতে অতুল-মাহেন্দ্রর চলাচলে বিধিনিষেধ আরোপ করতে হবে। এসব পরিবহনে অতিরিক্ত যাত্রী বহন নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়।

আলমগীর হান্নান/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।