চসিক নির্বাচন বাতিলের দাবিতে ভারপ্রাপ্ত মেয়রের মামলা


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৬ মে ২০১৫

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বাতিলের দাবিতে মামলা করেছেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেন। নির্বাচনের প্রায় এক মাস পর মঙ্গলবার চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল ও ভারপ্রাপ্ত প্রথম যুগ্ম জেলা জজ বাহাউদ্দিন আহমেদের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় পুনরায় ভোট গ্রহণেরও আবেদন জানানো হয়েছে।

নির্বাচনের দিন কেন্দ্রে জাল ভোট, এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। আদালত মামলার আরজি গ্রহণ করলেও এ বিষয়ে কোন আদেশ দেননি বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। এর আগে আরো সাত কাউন্সিলর প্রার্থী নির্বাচন বাতিলের দাবিতে আদালতে মামলা দায়ের করেছেন।

মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন নগরীর ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন। ২৭ মার্চ মোহাম্মদ মনজুর আলমের পদত্যাগের পর তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান।

নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত মেয়র পদে বহাল থাকবেন। মামলায় মোহাম্মদ হোসেনের প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী আবুল হাশেমকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। আবুল হাশেমও আওয়ামী লীগ সমর্থক প্রার্থী ছিলেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট পূর্ণেন্দু বিকাশ চৌধুরী বলেন, মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে- ২৮ এপ্রিল উত্তর হালিশহরের বিভিন্ন ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বহিরাগতরা ঢুকে জালভোট দিয়েছেন। প্রকৃত ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারেননি এবং ভোট দিতে পারেননি। পুলিশ কয়েকটি কেন্দ্রে এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে। গত ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।