রাজশাহীতে মোটরসাইকেলের শোরুমে চুরি


প্রকাশিত: ০৯:০২ এএম, ২৭ মে ২০১৫

রাজশাহী মহানগরীর মাদ্রাসা মার্কেট এলাকায় ‘সাকুরা এন্টারপ্রাইজ’ নামের একটি মোটরসাইকেলের শোরুমে চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে শোরুমের গেট ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দুপুরে নগরীর বোয়ালিয়া মডেল থানা ও নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাকুরা এন্টারপ্রাইজের মালিক আলতাফ হোসেন সরকার জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি ব্যবসা শেষে শোরুমের গেট লাগিয়ে বাসায় চলে যান। বুধবার সকালে ওই মার্কেটের নৈশ প্রহরী আশরাফের ফোন পেয়ে তিনি শোরুমে গিয়ে চুরির ঘটনা জানতে পারেন। এসময় তিনি শোরুমের ক্যাশ কাউন্টারের ড্রয়ারের তালা ভাঙা অবস্থায় পান। চোরেরা ওই ড্রয়ার থেকে নগদ এক লাখ সত্তর হাজার টাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি ওই মার্কেটের নৈশ প্রহরী আশরাফ জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। এ ব্যাপারে তিনি থানায় একটি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শোরুমের মালিক থানায় অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

শাহরিয়ার অনতু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।