স্বামীকে ছাড়াতে থানা ঘেরাও করলেন স্ত্রী
কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও মাদক মামলার পলাতক আসামি হ্নীলা ইউপির সদস্য জামাল হোসাইন (৪২) গ্রেফতার হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে হ্নীলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নিয়ে চালানো অভিযানে ১৫ হাজার ইয়াবা, একটি বন্দুক ও কয়েক রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে বলে দাবি করে পুলিশ।
এদিকে, শনিবার দুপুরে স্বামীকে আটকের কথা অনুসারীদের জানিয়ে লোকবল নিয়ে থানা ভবন ঘেরাও করেন স্ত্রী। পুলিশ শক্ত হাতে বিষয়টি কন্ট্রোল করেন। এটি দ্রুত প্রচার পেলে টেকনাফসহ পুরো জেলায় হৈ চৈ পড়ে যায়।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুদ্দিন খান জানান, জামাল হোসাইন উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তার বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্য তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। শুক্রবার রাতে জামালকে গ্রেফতারের পর তাকে নিয়ে তার বাড়ির পেছনে একটি খামার বাড়ি থেকে ১৫ হাজার ইয়াবা, একটি বন্দুক ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৭৬৪ জনের তালিকায় হ্নীলা ইউনিয়নের গড ফাদার হিসেবে তার নাম রয়েছে। শনিবার দুপুরে জামালকে থানা থেকে আদালতে নেয়ার সময় তার স্ত্রী খুরশিদা বেগম লোকজন নিয়ে থানা ভবন ঘেরাও করেন। এ সময় তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। তারা থানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলেও জানান ওসি।
সায়ীদ আলমগীর/এএম/এমএস