কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৯ মে ২০১৫
ফাইল ছবি

ভারতে এক বছর কারাভোগ শেষে পাচারের শিকার হওয়া শিশুসহ পাঁচ বাংলাদেশি ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে এসেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে ওই পাঁচজনকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
 
ফেরত আসা বাংলাদেশিরা হলেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে সোহেল রানা (১৫), খুলনার রুপসা থানার আইচঘাট এলাকার দেবজিত পালিতের ছেলে শুভজিত পালিত (১৬), বিশ্বজিতের ছেলে অভিজিত (১৪), কুমিল্লার মেঘনা থানার বাইরোকোলা গ্রামের জয়নুদ্দীর স্ত্রী রোকসনা বেগম (২৫) ও তার ছেলে জুনায়েদ জয় (১)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ফেরত আসা বাংলাদেশিরা ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারতে যান। পরে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।

সেখান থেকে ‘সোশিও লিগ্যাল এইড অ্যান্ড ট্রেনিং সেন্টার’ নামের একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা শুক্রবার সকালে দেশে ফেরেন।  

তিনি আরো জানান, এ পাঁচজনকে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি এবং আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

জামাল হোসেন/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।