ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা
ঝালকাঠির নলছিটিতে পূর্ব শত্রুতার জেরে ইকবাল হোসেন হাওলাদার (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন ওই এলাকার মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার সময় তিনি বাড়ির বাইরে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
মো. আমিন হোসেন/কেএইচকে/এমএস